ড. ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে আগামী ১৬ এপ্রিল বৈঠক করবে বিএনপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বুধবার বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন। বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য স্পষ্ট ও সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা বিএনপিকে ১৬এপ্রিল দুপুর ১২টায় সাক্ষাতের জন্য সময় দিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করব।
এর আগে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সালাহউদ্দিন সাংবাদিকদের জানান, নির্বাচনি রোডম্যাপের জন্য বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে। সেসময় তিনি বলেন, আমরা অবশ্যই ডিসেম্বরের আগে সংসদ নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চাইব।
