ময়মনসিংহ-ঢাকা-টাঙ্গাইল দুই মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট ভোগান্তি
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন, ওভারটাইম এবং ঈদ বোনাসের দাবিতে আন্দোলন করেছেন বিএসআইএস কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা এই দাবি জানান।
এসময় শ্রমিক মারধরের ঘটনায় প্রতিবাদ জানাতে গাজীপুরের মৌচাকেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এর ফলে উভয় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে যাত্রীরা পড়েছেন মহা দুর্ভোগে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, ফেব্রুয়ারি মাসের বেতন, ওভারটাইম এবং ঈদ বোনাসের টাকা এখনও পাওয়া যায়নি। তারা বলেন, আমরা বারবার কারখানা কর্তৃপক্ষের কাছে আমাদের পাওনা পরিশোধের জন্য অনুরোধ করেছি, কিন্তু কোনো সমাধান পাওয়া যায়নি।
এ নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে এবং তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।
