আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ


 বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ তার আঠারো বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেছেন। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেওয়া মাহমুদউল্লাহ এবার ওয়ানডে ফরম্যাটসহ সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানালেন।


বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে মাহমুদউল্লাহ তার অবসরের ঘোষণা দেন। সেখানে তিনি বলেন, “সমস্ত প্রশংসা শুধুমাত্র সর্বশক্তিমান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”


পোস্টে তিনি তার সতীর্থ, কোচ, ভক্ত এবং পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে তিনি তার ভাই এমদাদ উল্লাহর অবদান উল্লেখ করেন, যিনি তার শৈশব থেকে কোচ ও মেন্টর হিসেবে পাশে ছিলেন।


স্ত্রী ও সন্তানদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাহমুদউল্লাহ লেখেন, “সবশেষে ধন্যবাদ আমার স্ত্রী ও সন্তানদের, যারা সবসময় আমার পাশে ছিল, ভালো ও খারাপ সময়ে আমাকে সহায়তা করেছে। আমি জানি, রায়েদ আমাকে লাল-সবুজ জার্সিতে মিস করবে।”


অবসরের সিদ্ধান্তকে বাস্তবতার অংশ হিসেবে মেনে নিয়ে তিনি বলেন, “সবকিছু সবসময় পারফেক্টভাবে শেষ হয় না, তবে আপনাকে সেটা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। শান্তি… আলহামদুলিল্লাহ।”


উল্লেখ্য, মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। শেষবার তিনি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের হয়ে মাঠে নামেন।

Next Post Previous Post